সম্পাদকের কলমে--

সম্পাদকের কলমে--

প্রত্যেক পত্রিকায় সম্পাদক থাকা যেমন অবশ্যম্ভাবী, ঠিক তেমনি সম্পাদকীয় লেখা অনেকটা অনিবার্য হয়ে পড়ে l আমাদের এ বারের সংখ্যা ভৌতিক, অলৌকিক বা পারলৌকিক l

ভয় মানুষকে তাড়িয়ে ফেরে l মানুষ যখন অলৌকিকতার সামনে এসে পড়ে তখন সে ভীত-সন্ত্রস্ত হয়ে পড়ে, সে হতবাক হয়, বিস্মিত হয় l অলৌকিকতার অজানিত অদ্ভুত ক্রিয়া-কলাপগুলি মানুষের মধ্যে ভীতির সঞ্চার করে থাকে, তাকে আতঙ্কিত ও শঙ্কিত করে তোলে। আসলে, প্রত্যেকটি মানুষ মৃত্যু ভয়ে আটকে--মৃত্যু মানুষের কাছে সবচেয়ে বড় ভয় ও রহস্য। আমাদের মস্তিষ্ক নামক যন্ত্রটি জগতের সবচেয়ে উন্নততর একটি যন্ত্র, এখানে তুলনাগত মান ধরলে সমস্ত মানবিক আবিষ্কারের ব্যাপারগুলি ফেল পড়ে যায় l এই ফেল বা অকৃতকার্যতার ফলস্বরূপ উঠে আসে অলৌকিকতা--সে কারণে আজও মানুষ ভূত ভৌতিক প্যারানরমাল ব্যাপারে একেবারেই অজ্ঞ । আমাদের সমস্ত জ্ঞান পরিধির সীমানার পর থেকেই সমস্ত অলৌকিক ঘটনার সূত্রপাত ঘটে l বিজ্ঞানের কার্যকারণ সম্পর্ক সেখানে পূর্ণত অসফল।

মনের পরিচালক হল মস্তিষ্ক l আর মস্তিষ্ক বা ব্রেইন হল অটো জেনারেটর অফ থিংকিং--এটা একটা ডায়নামিক প্রক্রিয়া বা প্রতিক্রিয়া। মস্তিষ্কের কিছু সূক্ষ্ম সেলের ক্রিয়া-প্রতিক্রিয়া থেকেই হয়ত আমাদের ভূত ভৌতিক প্যারানরমাল অবস্থানগুলির সৃষ্টি। মস্তিষ্কের অণু-পরমাণুর যান্ত্রিক ঘটনাগুলি আমাদের ভুল দর্শনের চিত্রপট হয়ে উঠে আসতেই পারে।

ভাবনা কল্পনা কাহিনী গড়ার জন্য আমাদের মন বড় পটু থাকে । এক শুনলে বা দেখলে তাকে একশ বানিয়ে গল্প করা মানুষের স্বভাব বললে, ভুল হবে না। আরও যেখানে এক জাগায় এসে আমরা ভীত ও অজ্ঞাত সেখানে ভৌতিক বা প্যারানরমাল ব্যাপারে আমরা খুব ভাবি, তাকে আরো অবাস্তব কল্পনা মেখে মনের মাঝে ধরে রাখতে চাই।

কোন মানুষ বা প্রাণী মরলে তাঁর আত্মা মানে অতৃপ্ত আত্মাই নাকি ভূত হয়ে ঘুরে বেড়ায়। এই ভূত ও ভৌতিকতা যখন সাহিত্যাকাশের স্রোতে এসে পড়ে তখন লেখকদের রহস্য-ভাবনা নির্বাধ উড়ে বেড়ায় । মানুষের বুদ্ধির মাপকাঠির শেষ থেকেই তো শুরু হয় রহস্যময়তা, আসল রহস্য সেখানে আরও ঘনীভূত হয়ে পড়ে।

শেষমেষ যদি প্রশ্ন আসে, ভূত বলে কি আদৌ কিছু আছে ? উত্তরে, না, বললে, আমি বলবো ভুল বলছেন। আসলে আপনি এ ব্যাপারে অজ্ঞ। মন বুদ্ধির নাগালের বাইরের ব্যাপারটাই হল অলৌকিকতা। ভগবান, দেবতা, অপদেবতা, এদেরকে বিশ্বাস করতে হলে ভূতকে বিশ্বাস করা যাবে না কেন ? আসলে অলৌকিকতার মধ্য থেকেই উঠে আসে ভুত-প্রেত, আমাদের মানসিক অসুস্থতা বা মস্তিষ্কের সূক্ষ্ম ব্যতিক্রমের মধ্যেও ভুত প্রেত লুকিয়ে থাকতে পারে। এত কিছুর পরেও এই একই প্রশ্ন আমাদের মনে বারবার উঠে আসে--ভূত বলে কি আদৌ কিছু আছে ? কেউ বলেন আছে। কেউ বলেন, নেই, কিন্তু "অলৌকিকতা" ব্যাপারটা যে সত্য, তা নিয়ে আমাদের মনে কোন দ্বিধা নেই। আর আমি বলব, এই অলৌকিকতার মধ্যে থেকেই ভুত-প্রেত উঠে আসে। অনেকের কাছে তা বাস্তবেও প্রকট পায়।

ভূতের ব্যাপারে আমিও এক বিশ্বাসী প্রাণী। আমার কথা কারও বিশ্বাস না হলে আমার তাতে কিছুই আসে যায় না। গল্প হিসেবে ভূতের গল্প পাঠকের উত্তেজনা বাড়ায়, রোমাঞ্চ জাগায়, আসলে রোমাঞ্চিত হওয়ার উপাদান মানুষের মনের মধ্যেই বিদ্যমান।

সে যাই হোক, আসুন বন্ধুরা, পড়ুন আমাদের এবারের ব্লগ ও ই-পত্রিকা। আমাদের বর্তমান সংখ্যার বিভিন্ন ভৌতিক গল্পগুলি পড়ে রোমাঞ্চিত হোন। আবছা অন্ধকার, পোড়ো বাড়ি, ছায়া দর্শন, ফিসফিস কথা, হঠাৎ হওয়ার ঘূর্ণিঝড় সব মিলিয়ে বিচিত্র সব কাহিনীর কথা অঙ্কিত হয়েছে আমাদের বর্তমান ভৌতিক বা প্যারানরমাল সংখ্যায়। শুভকামনান্তে--তাপসকিরণ রায়।

সহ সম্পাদকের কলমে--

এত দিন সম্পাদকের কলমই দেখেছেন আমাদের এই ব্লগের পত্রিকায়। এবং সেটাই স্বাভাবিক। সহকারী হিসেবে এটাই বলবো, আপনারা পত্রিকাটি পড়ুন এবং স্পষ্টভাবে মতামত জানান। কি ভাবে আমরা পত্রিকাকে আরও ভালো করতে পারি। আমাদের কোথাও ভুল হচ্ছে কি না। আমাদের উদ্দেশ্য আমরা ভালো লেখা হলেই সেটা প্রকাশ করবো। বারবার সম্পাদককে বলতে হবে না আমার লেখাটার কি হল। আমাদের কোন চেনা জানা কাজ করে না। আমার লেখাটা চিনি। তাই আশা রাখি আপনারা আমাদের সাথে থাকবেন এবং সম্পাদককে পত্রিকা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। ধন্যবাদান্তে--শমিত কর্মকার, সহ-সম্পাদক, বর্ণালোক।

সহ-সম্পাদকের কলমে--

আমাদের নিত্যদিনের চেনা শোনা জগতের বাইরেও যে একটা অজানা অদেখা জগত আছে, একথা অনেকেই বিশ্বাস করেন। অনেকে আবার এসব বিশ্বাস করতে চান না। আছে আর নেই এ বিষয়ে অদ্যাবধি তর্কও বড়ো কম হয়নি। পারলৌকিক জগতে বিশ্বাসকে দৃঢ় করতেই হোক বা অজানা তথ্য আহরণের জন্যই হোক বসেছেন প্ল্যানচেটে, আবার মজার কথা হল এই যিনি এই ব্যপারে অবিশ্বাস করেন তিনিও তার অবিশ্বাসের ভিত সুদৃঢ় করতে ঐ একই পন্থা নেন।

বিশ্বাস আর অবিশ্বাস যেন একই মুদ্রার এপিঠ ওপিঠ। আবার এটাও ঠিক এমন অনেক ঘটনা ঘটে থাকে যার ব্যাখ্যাও যুক্তি বুদ্ধির অতীত।

বর্তমানের নূতন করে প্যারানরমাল বিষয় অর্থাৎ আধি দৈবিক কিংবা আধিভৌতিক বিষয়ে চর্চার জন্য তো রীতিমত আগ্রহ দেখা গেছে। একাংশের মধ্যে বিষয়টিকে কেন্দ্র করে অনেক সংগঠনও তৈরি হয়ে গেছে। এবারের অণুগল্পগুলির মধ্যেও এসে পড়েছে সেই অজানা-অদেখা অতীন্দ্রিয় জগতের কিছু কিছু কথা।ধন্যবাদান্তে--সাবিত্রী দাস, সহ-সম্পাদক, বর্ণালোক।

রবিবার, ৩ জানুয়ারি, ২০২১

সাবিত্রী দাস


 

সুরভি

সাবিত্রী দাস

 

মানুষের জীবনে কখন যে কী ঘটবে জানা নেই, কীভাবে ঘটবে সেটাও তো অজানাই থাকে! আসলে একটা গড়পড়তা নিয়মের মধ্যে দিয়েই জীবনের দিন গুলি কেটে যায়, এও একধরনের অভ্যাসই বলা যায়। উল্টো দিক দিয়ে ভাবলে হয়তো অভ্যাসটাই এক সময় নিয়ম হয়ে দাঁড়ায়। তার বাইরে অন্যরকম কিছু যে হতে পারে ,ভাবাও যায় না। আমরা গড়পড়তা নিয়মেই জীবনের পথে চলতে পছন্দ করি। তাবলে এর বাইরে কিছু ঘটে না বা ঘটবে না সেটাও ঠিক নয়। কথাতেই আছে না ' অঘটন আজও ঘটে।' তা যদি নাই হবে তাহলে সুরভির প্রথম জীবনের প্রেমাস্পদের সঙ্গে অভাবনীয় মিলনকে কী আখ্যাই বা দেওয়া যাবে! কিশোরী সুরভি আর আলোক রঞ্জন পরস্পরকে ভালোবেসে ছিল। জাতপাতের বেড়া ডিঙিয়ে সেই ভালোবাসা অন্দরে স্থান পায় নি। বাড়ীর লোকের কথায় অন্যের ঘরণী হতে বাধ্য হয়।

সুরভি বছর না ঘুরতেই বিধবা হয়ে ফিরে এলে তাদের ভালবাসার টান প্রবল হয়ে ওঠে। তা এতটাই দুর্বার হয়ে ওঠে যে দু বাড়ীর লোকজনই সতর্ক পদক্ষেপ নিতে বাধ্য হয়। আলোক রঞ্জন সুরভিকে বিয়ে করে আপন করে নিতে চাইলেও পারে না। অপমানে ঘেন্নায় বাড়ী ছেড়ে কোথায় হারিয়ে যায় অনেক চেষ্টা করেও কোন খোঁজ পাওয়া যায় না। সময় তো কারো জন্য থেমে থাকে না। সকাল দুপুর বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়। মধ্যবয়স্কা সুরভি,জীবনের প্রাপ্তি-অপ্রাপ্তির হিসেবে ক্লান্ত পরিশ্রান্ত! ন্যূনতম প্রয়োজন টুকু ছাড়া বাকী সময়টা তিনি কাটাতেন নারায়ণের সামনেই। প্রায়ই স্বপ্ন দেখেন, কেউ ডাকছে তাকে। একদিন রাতের আঁধার তখন সবে ফিকে হতে শুরু হয়েছে।

পূর্ব দিকে ঊষার আলো তখনো ভালো হয়ে ফুটে ওঠে নি। মৃদু-মন্দ শান্ত বাতাসে ফুলের সৌরভ। দরজায় কিসের শব্দ না! পড়িমরি করে এসে দরজা খুলে হতবাক! নারায়ণ, নারায়ণ! শান্ত সৌম্য এক বৃদ্ধ। নিজের চোখকে বিশ্বাস করতে পারেন না, তিনি কী ভুল দেখলেন! এ যে তার সেই বহুকাল আগে হারিয়ে যাওয়া প্রমাস্পদ আলোকরঞ্জন! যার কথা ভেবে ভেবেই কেটে গেছে জীবনের দিন গুলি। না-পাক চুলে ধরেছে পাক। তিনি এসে দাঁড়িয়েছেন তার দরজায়! চোখে মুখে অনন্যসাধারণ এক আলোর ছটা।দেখছেন সুরভি,ডাকছেন তিনি। দুহাত বাড়িয়ে দিয়ে ডাকছেন। সব কিছু ভুলে "তত্ত্বমসি", "তত্ত্বমসি"অর্থাৎ "তুমিই সেই" " তুমিই সেই" বলতে বলতে ঝাঁপিয়ে পড়লেন সেই আলোক সমুদ্রে।অনন্ত সেই আলোক সমুদ্রের মাঝে লীন হয়ে গেলেন একটি বিন্দুর মতো।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এটি একটি ভৌতিক সংখ্যা

এটি একটি ভৌতিক সংখ্যা